আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ‘প্রেস টিভি’ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি দূরপাল্লার আত্মঘাতী ‘শাহেদ’ ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্মে প্রস্তুত রাখা হয়েছে। উৎক্ষেপণের ঠিক আগমুহূর্তে দেখা যায়, ড্রোনের মূল অংশের সামনের ডানায় সেঁটে দেওয়া হয়েছে ১৯ বছর বয়সী স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের একটি বাঁধাই করা ছবি।
ছবিটিতে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে একটি ছাদখোলা বাসের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মূলত গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কারণেই ড্রোনটির গায়ে ইয়ামালের এই ছবি যুক্ত করেছেন ইরানি সেনাসদস্যরা।
সম্প্রতি স্পেনের বিশ্বকাপ জয়ের পর ইয়ামালের ট্রফি উদ্যাপনে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল অবরুদ্ধ গাজার সাধারণ ফিলিস্তিনিরা। তবে এর আগেও ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন এই উদীয়মান ফুটবল তারকা।
গত ১১ মে বার্সেলোনার টানা দ্বিতীয় লা লিগা শিরোপা উদ্যাপন উপলক্ষে শহরজুড়ে আয়োজিত খোলা বাসের শোভাযাত্রায় প্রকাশ্যে ফিলিস্তিনের পতাকা ওড়ান ইয়ামাল। দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে প্রশংসিত হয়।
Your Comment